ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের উদ্যোগে ‘মির্জা বানু এবং সিরাজুল ইসলাম এন্ডাউমেন্ট ফান্ড’ বৃত্তি প্রদান ও স্মারক বক্তৃতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আহমেদ কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মুয়ীদ চৌধুরী সম্মানিত অতিথি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেন। এসময় ইতিহাস বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, বৃত্তি ও এন্ডাউমেন্ট ফান্ডের দাতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের রয়েছে শতবর্ষের সমৃদ্ধ ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস। এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা বিভিন্ন বৃত্তি এবং এন্ডাউমেন্ট ফান্ড প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় যে সহযোগিতা দিয়ে যাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি মেধা, যোগ্যতা ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি দিচ্ছে এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাচ্ছে। এ ধরনের উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট দাতা ও পৃষ্ঠপোষকদের প্রতি তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপাচার্য আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে প্রাতিষ্ঠানিক ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এন্ডাউমেন্ট ফান্ড গঠনে প্রাক্তন শিক্ষার্থী, বিত্তবান ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তাদের সম্মিলিত সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, বৃত্তি অর্জনের এই স্বীকৃতিকে ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা হিসেবে কাজে লাগাতে হবে। একই সঙ্গে যাদের সহযোগিতায় শিক্ষার্থীরা এই বৃত্তি লাভ করেছে, তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি ধারণ করে সমাজে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, নির্ধারিত সময়ে ক্লাস গ্রহণ, পরীক্ষা আয়োজন এবং ফলাফল প্রকাশ নিশ্চিত করতে হবে যাতে শিক্ষার্থীরা কোনো ধরনের একাডেমিক ভোগান্তির শিকার না হয়।
স্মারক বক্তৃতায় ইমিরেটাস অধ্যাপক ড. আহমেদ কামাল ‘মার্কস ও এঙ্গেলসের দৃষ্টিতে ১৮৫৭-৫৮ সালের বিদ্রোহ’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন।
মির্জা বানু এবং সিরাজুল ইসলাম এন্ডাউমেন্ট ফান্ডের বৃত্তিপ্রাপ্ত পিএইচ.ডি. গবেষকরা হলেন- মোহাম্মদ আবুল কাউসার, ফারহানা আক্তার শুভ্রা, সুষ্মিতা রানী দাস, আশরাফুন নাহার ও আল আমিন।
বৃত্তিপ্রাপ্ত এম.ফিল. গবেষকরা হলেন- আনিসুর রহমান খান ও মো. মিজানুর রহমান নিজাম।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে বর্তমানে ১৯টি বৃত্তি ও গবেষণা এন্ডাউমেন্ট ফান্ড রয়েছে। এসব তহবিলের মাধ্যমে প্রতিবছর শিক্ষার্থীদের একাডেমিক কৃতিত্ব, গবেষণাকর্ম এবং আর্থিক প্রয়োজনের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে তিনটি ক্যাটাগরিতে (এ, বি ও সি) বিভিন্ন বর্ষের মোট ১০১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এ ছাড়া প্রতি বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ৯ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়েছে। এ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তদের প্রতি মাসে ৪ হাজার টাকা করে প্রদান করা হবে। বি ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তদের এককালীন ৬ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। সি ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তদের এককালীন ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে এবং মেধাবৃত্তি প্রাপ্তদের এককালীন ৭ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

১২-১১-২০২৬
ফররুখ মাহমুদ
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।